ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের একদল শিক্ষার্থী। এতে রাজধানীর ধানমন্ডিসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন কলেজগুলোর শিক্ষার্থীরা। এর আগে তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, নিউমার্কেট, আজিমপুর ও সায়েন্সল্যাবের দিকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড়ে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন। কেউ কেউ আবার যাত্রী ও চালকদের সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়িয়েছেন।
আন্দোলনরত কবি নজরুল কলেজ শিক্ষার্থী জাকারিয়া বলেন, আমাদের সাতটি কলেজ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের হয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চাই না। আমরা এই বৈষম্য থেকে বের হয়ে একটি স্বতন্ত্র প্লাটফর্ম চাই। সেটি হতে পারে একটি বিশ্ববিদ্যালয়। এই দাবি নিয়ে আমরা আজ অবরোধ করেছি।
অবস্থান কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে এই শিক্ষার্থী বলেন, আমাদের মাত্র সাত কলেজকে একটি স্বতন্ত্র প্লাটফর্মে রূপ দিতে কোনও কমিটি বা কমিশন গঠন করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেবেন।
এদিকে সাত কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলনে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সাভার পরিবহন বাসে বসে থাকা তৌফিক ইমাম নামের একজন যাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, জরুরি কাজে সাভারে যাবো তাই বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়েছি। কিন্তু সায়েন্সল্যাব মোড়েই জ্যামে বসে আছি এক ঘণ্টার বেশি সময়। জ্যামের জন্য সময়মতো পৌঁছাতে না পারলে কাজ তো হবেই না উল্টো ভোগান্তি পোহাতে হচ্ছে।
যানজটের বিষয়ে দিশারী বাসের ড্রাইভার ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, সকালবেলা বের হয়েছি। এখনও পুরো এক ট্রিপ দিতে পারিনি। বসে আছি দেড় ঘণ্টার বেশি সময় ধরে। যাত্রীরা অসহ্য হয়ে ভাড়া না দিয়েই বাস থেকে নেমে গেছেন। দিনশেষে মালিকের টাকা জমা দেবো কীভাবে তাই ভাবছি।









