জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির হোতা মোছা. হাজেরা বেগমসহ (৫৫) চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১৪ কোটি ৭৬ লাখ টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফি এবং জাল স্টাম্প তৈরির ৪০ লাখ টাকার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেফতার অন্যরা হলেন- জাহাঙ্গীর আলম জীবন (৩১), মো. আলিম শেখ (২৫) ও মো. মাসুদ রানা (২৫)।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে আসছিল চক্রটি। তৈরিকৃত এসব জিনিসপত্র বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিক্রি করতো তারা। ঢাকার ফকিরাপুলের একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে গ্রেফতার আলিম শেখের দেওয়া তথ্য অনুযায়ী বিজয় সরণি, মিরপুর, সাভারের কয়েকটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দারা।
তিনি জানান, চক্রটি প্রথমে কাগজ সংগ্রহ করে, এরপর সেগুলো বিশেষ ক্যামিলের মাধ্যমে স্ট্যাম্প ও কোর্ট ফি’র ছাপানোর কাজটি করে। তাদের কাছ থেকে ১০, ৫০, ১০০, ২০০, ৫০০ টাকা মূল্যের ৩৩ লাখ ৭৫ হাজার ৫০০টি স্ট্যাম্প জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ১৪ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া জাল স্ট্যাম্প তৈরির কাজে ব্যবহৃত প্রায় ৪০ লাখ টাকা মূল্যের সরঞ্জাম আমরা উদ্ধার করেছি।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রের মূলহোতা মো. মোজাম্মেল হক। যিনি গ্রেফতার হাজেরা বেগমের স্বামী। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এছাড়া এ চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত আছে। কেউ বাজারজাতকরণের কাজে, কেউ কুরিয়ার সার্ভিস বা সশরীরে ভেন্ডারদের নকল স্ট্যাম্প পৌঁছে দিতো। বিভিন্ন ক্ষেত্রে এই কাজে যাদের অবদান বা সংশ্লিষ্টতা আছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।









