রাজধানীর বাড্ডায় জামিল শেখ ও তার মেয়ে নুসরাত জাহানকে চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি শাহিন মল্লিককে (৩৩) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে ধানমন্ডি লেক থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ-এর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক সম্পর্কের জেরে ২০১৭ সালের ২ নভেম্বর গ্রেফতারকৃত আসামি শাহিন মল্লিকের সহায়তায় আরজিনা বেগম তার স্বামী জামিল শেখ ও মেয়ে নুসরাত জাহানকে হত্যা করে। এ ঘটনায় নিহত জামিলের ভাই শেখ শামীম হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৪)। মামলায় আরজিনা বেগম ও তার প্রেমিক গ্রেফতারকৃত শাহিন মল্লিককে আসামি করা হয়।
পরবর্তীতে মামলার বিচার শেষে ২০২৩ সালের ১৯ জুন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালত আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত শাহিন মল্লিক হত্যা মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা-ভাঙচুর ও বিশৃঙ্খলার সুযোগে তিনি জেল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান।









