বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার এজাহার নামীয় আসামী কোতোয়ালির ৩৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তপু নন্দীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ নভেম্বর) দিবাগত রাতে কোতোয়ালির তাঁতীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গ্রেফতার তপু নন্দী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলার এজাহার নামীয় আসামি।
গত ৫ আগস্ট কোতোয়ালি থানার নবাব সিরাজদ্দৌলা জিন্দাবাহার পার্ক এলাকায় সরকার পতনের এক দফা আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশগ্রহণ করে ভিকটিম মো. সুজন। এ সময় আন্দোলনকারীদের ওপর অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে ভিকটিম সুজনসহ আরও অনেকে আহত হন।
এ ঘটনায় সুজন বাদী হয়ে গত ৩ নভেম্বর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলার সূত্র ধরেই তপু নন্দীকে গ্রেফতার করা হলো।









