ভোক্তাদের স্বস্তি দিতে এবার রাজধানীতে ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। জনপ্রতি তিন কেজি করে আলু কিনতে পারবেন। প্রতি কেজি আলুর দাম পড়বে ৪০ টাকা। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কারওয়ান বাজার টিসিবি ভবন থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। ওই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি এবং চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যা তেল, ডাল এবং খাদ্য অধিদফতরের মাধ্যমে সরবরাহ করা চাল বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রমের সঙ্গে বুধবার থেকে ঢাকা মহানগরীতে ভোক্তাদের জন্য জনপ্রতি তিন কেজি করে আলু বিক্রি করা হবে। প্রতি কেজি আলুর দাম পড়বে ৪০ টাকা।
এছাড়া প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা এবং প্রতি কেজি চাল ৩০ টাকায় কেনা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল এবং পাঁচ কেজি চাল কিনতে পারবেন।









