রেলের রানিং স্টাফদের ৮ ঘণ্টার বেশি কাজ না করার ঘোষণায় বিলম্বে ছাড়ছে ট্রেন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিটি ট্রেনই ছেড়েছে দুই-আড়াই ঘণ্টা বিলম্বে।
সারা দেশের রানিং স্টাফরা ৮ ঘণ্টার বেশি কাজ না করার ফলে ঢাকায় বিলম্বে প্রবেশ করছে ট্রেন। নতুন স্টাফদের সঙ্গে যোগ দিয়েছেন পুরাতনরাও৷
রানিং স্টাফদের (চলতি ট্রেনের গার্ড, চালক ও টিকিট চেকার) সাথে কথা বলে জানা যায়, ব্রিটিশ আমল থেকেই জরুরি স্টাফ বিবেচনায় অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য দেওয়া হতো মাইলেজ। যার কারণে বাড়তি আয় হতো।
কিন্তু ২০২২ সালের নিয়োগপ্রাপ্তদের এই সুবিধা তুলে নেয় সরকার। ফলে ৮ ঘণ্টার বেশি ডিউটি না করার ঘোষণা দিয়েছেন রানিং স্টাফরা। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটছে অহরহ। আর ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
ট্রেনের জন্য কমলাপুর স্টেশনে অপেক্ষা করা যাত্রীরা বলেন, দেড়-দুই ঘণ্টা পার হয়ে গেছে, অথচ ট্রেন আসছে না। সাড়ে আটটার ট্রেন ১০টাতেও ছাড়েনি। অপেক্ষা করতে করতে আমাদের বিরক্তি লাগছে। ঠিক কতক্ষণ ওয়েট করতে হবে তাও জানি না।
উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেনের ক্ষেত্রেই দেরিতে ট্রেন ছাড়ার দৃশ্য লক্ষ্য করা যায়। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
লালমনিরহাটে একজন যাত্রী বলেন, বুড়িমারী এক্সপ্রেসে করে বাড়ি যাবো। কিন্তু বসে বসে ঘণ্টা পার করছি। কিন্তু ট্রেন ছাড়ার কোনও নাম নাই। সাড়ে আটটায় ট্রেন ছাড়ার কথা থাকলেও সাড়ে দশটাতেও ট্রেন ছাড়েনি।








