`আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতার পরবর্তী বিচার এবং বাংলাদেশ প্রশ্নে ভারতীয় রাজনৈতিক নেতাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশ করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’ নামে একটি প্লাটফর্ম।
বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে তারা একটি মিছিল করেন।
সমাবেশে প্লাটফর্মের অন্যতম সংগঠক আবু হানিফ বলেন, সহকারী হাইকমিশনে ভারতের উগ্রবাদী হিন্দুরা হামলা করেছে। আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনও দূতাবাসে হামলা করতে পারে না। এমনকি যদি যুদ্ধও চলে, দূতাবাসে হামলা হয় না। কিন্তু স্থিতিশীল অবস্থায় ভারতে যেভাবে হাইকমিশনে হামলা হয়েছে, এটি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখি।
বাংলাদেশ এখন আর শেখ হাসিনার বাংলাদেশ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, এটা ১৮ কোটি জনগণের বাংলাদেশ। এখানে সরকারকে ক্ষমতায় ভারত বসায়নি, জনগণ বসিয়েছে। ফলে আওয়ামী লীগের গোলামীর সম্পর্ক এখন আশা করা উচিত হবে না। আগের মতো গোলামীর চিন্তায় পরিবর্তন আনতে হবে। জুলাই অভ্যুত্থানের বাংলাদেশে লুটপাট দুর্নীতি চলবে না।
এসময় আরও বক্তব্য রাখেন প্লাটফর্মের সংগঠক মামুনুর রশীদ, সংগঠক শাকিল ভূঁইয়াসহ অনেকে।









