বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে ঢাকা জেলার দোহারে এস এম আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান ওরফে তরুনের ভাই কামরুজ্জামান ওরফে অরুনকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমা শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার পরিদর্শক (নিরস্ত্র) মমিনুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ২ জানুয়ারি রাত পৌনে ১০টার দিকে নবাবগঞ্জ থানার কোমরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য উপস্থিত হন এস এম আরিফুল ইসলামসহ অনেকে। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। পরে তারা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে এস এম আরিফুল ইসলামসহ অনেকে আহত হন। এস এম আরিফুল ইসলাম হাসপাতালে চিকিৎসা নেন। পরে তিনি ২১ নভেম্বর সালমান এফ রহমানসহ ২৩৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন








