রেলওয়ের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ। এ সময় প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের প্রায় ১.২ একর জমি দখলমুক্ত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর মালিবাগে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ বলেন, আজ মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হলো। অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গে এক্সক্যাভেটর দিয়ে এসব স্থাপনার পাকা প্লাটফর্ম গুড়িয়ে দেওয়া হয়েছে, যেন নিকট ভবিষ্যতে এসব জমিতে দখলদাররা সহজেই পুনরায় স্থাপনা নির্মাণ করতে না পারে।
এর আগে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ১০ ডিসেম্বর মধ্যে অপসারণের জন্য দখলদারদের নির্দেশ দেয়। পরবর্তীতে ১১ ডিসেম্বর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে।









