বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় ইউসুফ হত্যাচেষ্টা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল হোসেন তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে গ্রেফতার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে আসামিরা নির্বিচারে গুলিবর্ষণ করেন। এ সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী ইউসুফ। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বছরের ২১ নভেম্বর ঢাকার আদালতে অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তী সময়ে আদালত কাফরুল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। মামলায় কামাল মজুমদার এক নম্বর এজাহারনামীয় আসামি।









