বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই-আগস্টের আন্দোলনের সময়কার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে থাকা সব তথ্য (ডাটা) আলাদাভাবে অক্ষুণ্ন অবস্থায় সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থাকে তদন্ত কাজে সহযোগিতা করতে দেশের সব মোবাইল অপারেটর ও ইন্টারনেট প্রোভাইডারদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরবর্তী সময়ে জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘঠিত করেছে বলে অভিযোগ উঠেছে।








