বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী বেনজীর হোসেন নিশিকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুই দিনের রিমান্ড শেষে নিশিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক ইরফান খান। এদিকে, আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১২ জানুয়ারি সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত ১৪ জানুয়ারি নিশির দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত ২৮ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে মোট ২২০ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এই মামলায় ২১০ নম্বর আসামি নিশি।








