রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসা থেকে মোছা. সালমা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে হাজারীবাগ সালেহা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল আড়াইটার দিকে কামরাঙ্গীচর পূর্বে রুসুলপুর ৮ নং গলি মোক্তাকিন মিয়ার বাড়ির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্বজনরা তাকে উদ্ধার করে বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃতার মা রিনা বেগম জানান, সকালে খাবার না খেয়েই স্কুলে গিয়েছিল সালমা। দুপুরে স্কুল থেকে এসে মায়ের কাছে খাবার চায়। তখন তিনি বলেন, ‘সকালে খাবার না খেয়েই কেন স্কুলে গিয়েছিলি?’ এরপরে রিনা বেগম নিচের দোকান থেকে খাবার আনতে চলে যান। ফিরে এসে দেখেন রুমের দরজা বন্ধ। পরে তার কোনও সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখা যায়, ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে সালমা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালমা লক্ষ্মীপুর সদর উপজেলার বদরপুর গ্রামের সৌদিপ্রবাসী মো. শাহ আলমের মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।









