প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) ঢাকা মহানগরের (ডিএমপি) ডেমরার মাতুয়াইল ইউলুপ এলাকায় তাকে গ্রেফতার করে ডেমরা থানা-পুলিশ।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
থানা পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, ‘পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ ট্রাফিক ডেমরা জোনে কর্মরত। তিনি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ডেমরা থানার রাণীমহল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ওই তাকে ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে কামাল। টাকা না দিলে তার বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেয়। পুলিশ কর্মকর্তা সহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, ওই ব্যক্তি অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও একই পরিচয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করেছে।
পরে শনিবার ডেমরা ট্রাফিক জোন পুলিশের সহায়তায় কৌশলে কামালকে ডেমরা থানার মাতুয়াইল ইউলুপ এলাকায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন।
থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল তার অপরাধের কথা স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।









