বৈষম্যবিরোধী আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর নিউমার্কেট থানার মামলায় ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির ধানমন্ডি জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার কারাগারে রাখার আবেদন করেন।
গত ২০ জানুয়ারি ভোরে মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এদিন আদালত তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মোস্তফা জালাল ১২ নাম্বার এজাহারনামীয় আসামি।
মোস্তফা জালাল মহিউদ্দিন নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৯৮১-৮৩ পর্যন্ত সভাপতি ছিলেন। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদে নির্বাচিত হন। ২০২২ সাল থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতির দায়িত্বে রয়েছেন।









