বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জানুয়ারি) তাদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও তাদের দুজনের ২৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে, ছেলের বউ এবং দুই মেয়ের সম্পদের হিসাব বিবরণী চাওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে।
মামলার এজাহারে বলা হয়, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজের দখলে রাখা ছাড়াও ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।
অপরদিকে, মাধবী দেবনাথ স্বামী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ক্ষমতার অপব্যবহার করে দুই কোটি দুই লাখ ৪১ হাজার ৪০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। এছাড়া সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এসব অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথ, সুনামের স্ত্রী কাসপিয়া তালুকদার, মেয়ে শুক্লা দেবনাথ এবং মনীষা মুনমুনের সম্পদ বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন।









