রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান টহল ও চেকপোস্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩ ছিনতাইকারীসহ ২১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, রবিবার (২৩ মার্চ) রাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় দুই পালায় ৬৬৭টি টহল টিম মোতায়েন করা হয়। এর মধ্যে ৩৪০টি টহল টিম রাতে ও ৩২৭টি দিনে দায়িত্ব পালন করে। পাশাপাশি, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশ চেকপোস্ট বসানো হয়।
বিশেষ এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে ২৩ জন ছিনতাইকারী, চার জন ডাকাত, দুই জন চাঁদাবাজ, ১৫ জন চোর, ২৩ জন মাদক কারবারি ও ৩৩ জন পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে আটটি চাকু, একটি সামুরাই, একটি চাপাতি, পাঁচটি লোহার রড, একটি কাটার, একটি সিএনজি, চারটি মোবাইল ফোন ও ১৮টি ওমানি মুদ্রা (১০০ বাইসা নোট) উদ্ধার করা হয়।
এছাড়া মাদকদ্রব্যের মধ্যে উদ্ধার করা হয়েছে দুই কেজি ২৯২ গ্রাম গাঁজা, ১৯৩ পিস ইয়াবা ও ২৫.৭ গ্রাম হেরোইন।









