রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইসরাত জাহান নাসরিনসহ ৪ জনকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক মুহাম্মদ ফারহান ইবনে গফুর কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারের পাঠান। শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার শাখার কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
অন্য আসামিরা হলেন, যুব মহিলা লীগের সাবেক সদস্য শ্যামলী বেগম (৪০), সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রত্মা আক্তার লিলি (২৯) ও সাবেক অটিজম বিষয়ক সহ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন (৩৬)।
গত ৯ এপ্রিল সন্ধ্যায় তাদের গ্রেফতার করে পুলিশ। পরের দিন তাদের ২ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
মামলার সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল সকাল ৭টায় শেরে বাংলা নগর এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ আজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম গতিশীল ও সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করার উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবি করে স্বাধীন দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র করে। এ ঘটনায় গত ৪ এপ্রিল রাজধানীর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।








