অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী ফারহানা রহমানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২ জুন) এ দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম। মামলায় এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ৩০০ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৯ লাখ ২৭ হাজার ৯৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়াও তার ব্যাংক হিসাবের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে উপার্জিত ২৮৩ কোটি ২৬ লাখ ৪৬৯ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অপরদিকে, পুলিশ কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম শিমুলের স্ত্রী ফারহানা রহমানের বিরুদ্ধে ৩৯ লাখ ২ হাজার ২২৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।









