সোশ্যাল মিডিয়া ও অ্যাপসে পর্নোগ্রাফি: প্রতিরোধ কি সম্ভব?

জামাল উদ্দিন
১০ জুন ২০২৫, ২২:০০আপডেট : ১০ জুন ২০২৫, ২২:০০

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না পর্নোগ্রাফি বা নগ্ন ছবি, ভিডিও বা এ ধরনের কনটেন্টের প্রচার-প্রসার।

শিশু, কিশোর ও তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষই বিভিন্ন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে। বিশেষ করে কিশোর-তরুণরাই এসব অশ্লীল যৌন উত্তেজক কনটেন্টের ভয়ংকর থাবার শিকার হচ্ছে। ফাঁদে ফেলে অপ্রাপ্তবয়স্ক শিশুদের দিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে। এতে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। হাতে হাতে স্মার্টফোন ও প্রযুক্তির সহজলভ্যতায় এসব প্রতিরোধে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টরা। তারা বলছেন, সুনির্দিষ্ট পেজ লিংক পেলে সেটা ব্লক করে দেওয়া হয়। তবে অ্যাপসের মাধ্যমে যেসব পর্নোছবি ছড়ানো হয় সেগুলো সম্পূর্ণ বন্ধ করা কঠিন।

পুলিশ ও সংশ্লিষ্টরা জানান, পর্নোগ্রাফির সাইটগুলো থেকে হ্যাকিং ও ব্লাকমেইলিংসহ নানাভাবে প্রতারণার শিকার হচ্ছে সব বয়সের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ভুয়া আইডি খুলে অশ্লীল ছবি এবং ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। এতে ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে শিশু-কিশোররা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ ও অ্যাকাউন্টের লিংক বন্ধ করা সম্ভব হলেও অ্যাপসভিত্তিক লিংকগুলো বন্ধ করা খুবই কঠিন। এটা বন্ধ করতে হলে সরকারের পক্ষ থেকে বড় উদ্যোগ নিতে হবে। না হয় এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্র জানায়, অ্যাপসভিত্তিক কিছু দেশি-বিদেশি প্রতারক চক্র রয়েছে। যারা প্রতারণার অংশ হিসেবেই এসব পর্নো ছবি ছড়িয়ে দিয়ে থাকে। এছাড়াও মেয়েদের ছবি দিয়ে আইডি খুলে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। কিছু দিনের মধ্যে ক্লোজ হয়ে খোলামেলা পোশাকে ভিডিও কলে আসবে। এরপর শুরু করে নানাভাবে প্রতারণা।

অপ্রাপ্তবয়স্ক শিশুদের দিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি, সংরক্ষণ ও প্রচারের অভিযোগে গত ২ জুন এখলাছ আলী নামে একজনকে গ্রেফতার করে সিআইডি। ইন্টারপোলের ক্রাইম অ্যাগেইনস্ট চিলড্রেন ইউনিটের একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর মাধ্যমে বিষয়টি জানতে পারে সিআইডি।

ইন্টারপোলের তথ্য অনুযায়ী, বাংলাদেশের একজন নাগরিক অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তৈরি, সংরক্ষণ ও প্রচার করে আসছে। এ তথ্য পাওয়ার পর সিআইডির সাইবার মনিটরিং টিম প্রযুক্তির সহায়তায় এখলাছ আলীকে শনাক্ত করে। পরে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার পাগার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি নাটোর জেলার লালপুর থানার কামারহাতি গ্রামে। তিনি গাজীপুরের হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের আইটি বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

তদন্ত করতে গিয়ে সিআইডি আরও জানতে পারে, অভিযুক্ত এখলাছ আলী টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফির ভিডিও সংগ্রহ করতেন এবং তা মোবাইল ফোনে সংরক্ষণ ও প্রচার করতেন। তার কাছ থেকে জব্দ করা স্মার্টফোনে একাধিক শিশু পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে। রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সাইবার অপরাধ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও পর্নোছবি দেখা গেলে তারা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকেন। এছাড়াও যদি তাদের এ বিষয়ে কোনও লিংক দেন তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার জসীম উদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, সিআইডির সাইবার মনিটরিং টিম পর্নোছবিসহ নানা সাইবার অপরাধ নিয়ে নিয়মিত কাজ করছে। ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেলে সেগুলো নিয়েও কাজ করে যাচ্ছে। এছাড়াও যদি কেউ কোনও পেজ লিংক দিয়ে অবহিত করেন, তখন সিআইডির সাইবার মনিটরিং টিম ব্যবস্থা নিয়ে থাকে।

প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, সোশ্যাল মিডিয়ায় পর্নোগ্রাফি বা পর্নোছবি বন্ধ করা কঠিন কিছু নয়। কিন্তু অ্যাপসভিত্তিক অনলাইন প্লাটফর্মগুলো বন্ধ করা কঠিন। তবে সরকারের পক্ষ থেকে যদি আন্তরিকভাবে এ নিয়ে উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটা বন্ধ করা কঠিন কিছু নয়। তবে এ জন্য শত কোটি টাকার প্রজেক্ট নিতে হবে সরকারকে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে যে পরিমাণ সোর্স মানি সরকার খরচ করে, সেই হিসেবে এই অর্থ খুবই সামান্য।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম