বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভনে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক’-এর মালিক মো. খায়রুল বাশার বাহারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আদালতে বিচারক খায়রুল বাশারের উদ্দেশ্যে বলেন, টাকা নিয়ে শিক্ষার্থীদের জীবন কেন হুমকির মুখে ফেলে দিলেন? একবারও কি আপনার সন্তানদের কথা মনে পড়েনি?
সোমবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ'র আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন জিজ্ঞাসাবাদের জন্য তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক খালিদ সাইফুল্লাহ। বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ প্রহরায় তাকে কাঠগড়ায় তোলা হয়। এ সময় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। আদালতে উত্তেজিত ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা তার উপর চড়াও হন ও ডিম নিক্ষেপ করেন। আদালতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। পরে বিচারক ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির এক পর্যায়ে বিচারক বলেন, এই কাজগুলো কেন করলেন? তখন তিনি নিশ্চুপ ছিলেন। ফের বিচারক বলেন, বিদেশ পাঠাতে ব্যর্থ হন কোন কারণে? টাকা ফেরত দেননি কেন? তখনও তিনি কোনও কিছুর উত্তর দেননি। এরপর বিচারক বলেন, আপনার বিরুদ্ধে কতটা মামলা হয়েছে জানেন? তখন বলেন, আনুমানিক ৭০টা হয়েছে। তখন বিচারক বলেন, যত মামলা হয়েছে, মোকাবিলা করতে গেলে তো সারা জীবন কারাগারে কেটে যাবে।
পরে বিচারক জিজ্ঞাসা করেন, আপনার মানবিক সত্তা জাগ্রত হয়নি? কয়টা বিয়ে করেছেন। উত্তরে তিনি জানান, দুই। তখন আদালত জানতে চান, আপনার সন্তান কয়জন? তখন তিনি বলেন, ছয়জন। বিচারক বলেন, টাকা নিয়ে শিক্ষার্থীদের জীবন কেন হুমকির মুখে ফেলে দিলেন। একবারও কি আপনার সন্তানদের কথা মনে পড়েনি?









