ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে থেকে রোগী বাগিয়ে নেওয়ার সময় দুই দালালকে হাতেনাতে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া ৭টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আল আমিন (২০) ও রাকিব (২২)।
শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরিদ আহমেদ ও এএসআই ইদ্রিস অভিযান চালিয়ে তাদের আটক করেন।
পুলিশ জানায়, আল আমিন ও রাকিব ঢামেকের জরুরি বিভাগে আসা এক গুরুতর অসুস্থ রোগী ও তার স্বজনদের ফুসলিয়ে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারা রোগীর স্বজনদের ‘ভালো চিকিৎসার’ প্রলোভন দেখান এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির বদলে অন্য কোথাও নিয়ে যেতে চেয়েছিলেন।
পুলিশের উপস্থিতিতে রোগীর স্বজনরা জানান, আল আমিন ও রাকিবকে তারা চিনতেন না এবং তাদের সঙ্গে পূর্ব পরিচয়ও ছিল না। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এ সুযোগেই দালাল চক্রটি তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে।
তবে সময় মতো পুলিশ হস্তক্ষেপ করায় রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়।
পরে দালাল আল আমিন ও রাকিবকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।









