দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কাজ চলমান থাকায় রাজশাহী রেঞ্জ পুলিশের সাবেক ডিআইজি ও বর্তমানে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত মো. আব্দুল বাতেন ও তার স্ত্রী নুরজাহান আক্তার হীরাসহ ৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (২৩ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, শাহজালাল ব্যাংকের দোহার শাখার সাবেক ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ও তার স্ত্রী নাজমুন নাহার স্বর্ণা।
দুদকের পক্ষে উপ-সহকারী পরিচালক মিনু আক্তার সুমি পৃথক দুই আবেদনে বাতেন ও হীরার নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি মো. আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এসব সম্পদ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন। সেজন্য জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত কাজ চলমান রয়েছে।
দুদকের এই কর্মকর্তা জানান, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—আসামি মো. আব্দুল বাতেন ও তার স্ত্রী দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রা রহিত করা আবশ্যক।
দুদকের পক্ষে উপ-সহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায় একটি আবেদনে শহিদুল ও তার স্ত্রীর নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, মেসার্স লাকী এন্টার প্রাইজের প্রোপাইটর আলাউদ্দিন মোল্লা ও শাহজালাল ইসলামী ব্যাংকের দোহার শাখার সাবেক ব্যবস্থাপক শহিদুল ইসলামের বিরুদ্ধে জাল মানি রিসিটের মাধ্যমে দোহার শাখার মেয়াদি আমানতের ১০ লাখ টাকা নগদায়নের প্রচেষ্টা গ্রহণ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। সেজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে বিজ্ঞ আদালত কর্তৃক নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।









