রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় চার তলা ভবনের ছাদ থেকে পড়ে তাজনীন রাফা (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালী ওয়্যারলেস গেটের একটি ভাড়া বাসার ছাদ থেকে পড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত তাজনীন রাফার মামা মাহফুজ আলম জানান, ঘটনার সময় রাফার মা নুপুর বেগম নিচে দুধ ও ডিম কিনতে গিয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত রাফা ভবনের চার তলার ছাদ থেকে নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ৮টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তাজনীন রাফা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরম বলিয়া গ্রামের ইতালি প্রবাসী আরিফ হোসেন টিটুর একমাত্র মেয়ে। মহাখালী ওয়্যারলেস গেট এলাকার একটি চার তলা ভবনে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।









