গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি রফিকুল ইসলাম আরমানকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাংবাদিক তুহিনের ভাই মো. সেলিম (৫০) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং তাদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার (১১ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে রফিকুল ইসলাম আরমানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।









