তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ‘মন্ত্রণালয়ের কার্যক্রম শুধু গণমাধ্যমে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়াতে হবে।’ তিনি জনসংযোগ কর্মকর্তাদের মাল্টিমিডিয়া ব্যবহার করে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও তৈরি ও প্রচারের উদ্যোগ গ্রহণে আহ্বান জানান।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্য সচিব বলেন, ‘তথ্য অধিদফতর ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা রাষ্ট্রের নীতি, কার্যক্রম, উন্নয়ন উদ্যোগ ও সাফল্য প্রচারে কার্যকর ভূমিকা পালন করছেন।’
জনসংযোগ কর্মকর্তাদের কাজের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, ‘প্রচার কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন।’
মাহবুবা ফারজানা আরও বলেন, ‘সরকারের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত জনগণের কাছে দ্রুত পৌঁছানো জরুরি। পাশাপাশি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে হবে। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।’
তিনি করেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে মন্ত্রণালয় নির্বাচনের সময় নিরপেক্ষভাবে কাজ করবে এবং নির্বাচনি বিষয়গুলো প্রচার করবে।’
তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, ‘রাজনৈতিক সরকারের প্রচারের প্রেক্ষাপট এবং বর্তমান সরকারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এটি বিবেচনায় নিয়ে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’









