শারীরিক সক্ষমতা না থাকলে হজে নেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৫, ১৬:০৫আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৬:০৫

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কেবল শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদেরই হজের জন্য নিবন্ধন করাতে হবে। শারীরিক সক্ষমতা না থাকলে কাউকে হজে নেওয়া যাবে না।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হজে গমনেচ্ছুক ব্যক্তিদের সঙ্গে হজ এজেন্সির যোগসূত্র তৈরির লক্ষ্যে হজ ও ওমরাহ মেলার আয়োজন করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

ধর্ম উপদেষ্টা বলেন, অসুস্থ ও শারীরিক সক্ষমতা নেই, এমন ব্যক্তিদের হজে নেওয়া হলে সরকারকে বিব্রত হতে হয়, নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়। এ জন্য শারীরিকভাবে অক্ষম ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজের জন্য ফিটনেস সার্টিফিকেট না দিতে সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে। দূরারোগ্য রোগে আক্রান্ত ও শারীরিক সক্ষমতাবিহীন ব্যক্তিদের হজে না নেওয়ার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেন তিনি।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ২০২৫ সালে আমরা একটি সুন্দর হজ উপহার দিতে পেরেছি। ইতোমধ্যে ২০২৬ সালের হজের কার্যক্রম শুরু হয়েছে। ২০২৬ সালের হজ গতবারের চেয়ে আরও উন্নত হবে। 

হজ ও ওমরাহ মেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হজ ও ওমরাহ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে এজেন্সির সঙ্গে হজে গমনেচ্ছুক ব্যক্তিদের পারস্পরিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পাবে। হজ ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা তৈরি হবে। ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সামর্থ্য অনুসারে হজ প্যাকেজ বাছাই করতে পারবেন।

ধর্ম উপদেষ্টা বলেন, হাবের সঙ্গে আমার মন্ত্রণালয়ের কোনও বিরোধ নেই। আমরা পারস্পরিক সম্মান, মর্যাদা ও ভ্রাতৃত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। আগামীতেও আমরা হজযাত্রীদের স্বার্থে একসঙ্গে কাজ করে যাবো। তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

হজ এজেন্সির উদ্দেশে ড. খালিদ বলেন, অনেক এজেন্সি হজযাত্রীদের ব্যাগে মাদকদ্রব্যসহ সৌদি আরবের অননুমোদিত দ্রব্যাদি নিয়ে যায়। অনেকে দেশে ফেরার সময় হাজিদের মাধ্যমে অবৈধভাবে সোনা নিয়ে আসেন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি এ জাতীয় কাজ থেকে বিরত থাকতে হজ এজেন্সিগুলোকে অনুরোধ জানান।

উপদেষ্টা বলেন, হজযাত্রী নিবন্ধন প্রক্রিয়ায় দালালদের দৌরাত্ম্য আছে। তাদের কারণে হজের খরচ বেড়ে যায়, আবার হজযাত্রীদের প্রতারিত হওয়ার ঘটনাও ঘটে থাকে। তিনি হজে গমনেচ্ছু ব্যক্তিদের এজেন্সি মালিক কিংবা তার বৈধ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে হজে যাওয়ার অনুরোধ করেন। হজ এজেন্সির সঙ্গে যাত্রীদের চুক্তি সম্পাদন ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন ধর্ম উপদেষ্টা।

এর আগে উপদেষ্টা হজ ও ওমরাহ মেলা উপলক্ষে হাবের মুখপত্র ‘হজ্জ বার্তা’র মোড়ক উন্মোচন করেন।

তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলায় মোট ১৫৪টি স্টল রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকগুলো মেলায় সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও তথ্যসেবা প্রদর্শন করছে। এছাড়া হজের প্রাথমিক নিবন্ধনের সুযোগও রয়েছে মেলার স্টলগুলোতে। শনিবার (১৬ আগস্ট) বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হবে।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ঢাকায় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান ইব্রাহিম আবদুল্লাহ আল-আহমারী ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।

/আইএ/আরকে/
সম্পর্কিত
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম