রাজধানীর সংসদ ভবন এভিনিউ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের হামলায় বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরমান ভূঁইয়া গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে সংসদ ভবন এভিনিউ সড়কের মনিপুরীপাড়া ৫ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ আহত সাংবাদিক আরমানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়।
আহত সাংবাদিক আরমান বলেন, ঢাকা রাতের আঁধারে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ছিনতাই করার অভিযোগ অনেকদিনের। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আমি ও আমার এক বন্ধু ছিনতাইকারী সন্দেহে একজনকে আটক করি। এরপর সঙ্গে সঙ্গে তার পরিচিত আরও তিনজন চলে আসে। পরে আমরা তেজগাঁও থানার ওসিকে বিষয়টি জানাই এবং দ্রুত ব্যবস্থা নেওয়া জন্য অনুরোধ করি। পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করায় তাদের আরও ১০ থেকে ১৫ জন সদস্য চলে আসে। পরে তেজগাঁও থানা পুলিশের সামনেই তারা আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে জখম করে।
তিনি বলেন, হামলার পর তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন মোল্লা ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর, শাহিন, রাব্বিসহ কয়েকজনকে আটক করে তেজগাঁও থানার ডিউটি অফিসারের কক্ষে নিয়ে আসেন। পরে চিকিৎসার জন্য পুলিশের একটি টিম আমাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে থানা থেকে পুলিশ আটক ব্যক্তিদের ছেড়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৫ থেকে ৬ জন রিকশা চালককে থানায় নিয়ে আসা হয়েছিল।
ওইদিন রাতে থানার দায়িত্বে ছিলেন সেকেন্ড অফিসার এসআই আসাদুর রহমান। জানতে চাইলে তিনি বলেন, ওসি স্যারের নির্দেশে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা রেখে গ্যারেজের মালিকের জিম্মায় মুচলেকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়।









