ডাকসু নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সন্দেহ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক ও বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে হবে, হাইকোর্ট থেকে নয়।’
সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
আব্দুল কাদের বলেন, ‘ডাকসু নির্বাচন ৫ আগস্ট পর পরই হওয়ার কথা থাকলেও প্রায় এক বছর পার হয়ে গেলেও অনুষ্ঠিত হয়নি। অবশেষে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু এখনও ডাকসুকে বানচালের ষড়যন্ত্র শেষ হয়নি। আজ যে ষড়যন্ত্র দেখলাম শিক্ষার্থীরা সেখানে লাল কার্ড দেখিয়েছে। এক ব্যক্তির প্রার্থিতা বাতিল করার জন্য রিট করাকে কেন্দ্র করে পুরো ডাকসু বানচালের চেষ্টা চালানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যে শঙ্কা করছিলাম তাই হতে যাচ্ছিল। ডাকসুতে শিক্ষার্থীদের অনুৎসাহিত করতে নানা ম্যাকানিজম উপস্থিত করা হয়েছে।’









