বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সারোয়ার উদ্দীন মিঠুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ।
সোমবার (১ সেপ্টেম্বর) তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিআইডির মিডিয়া অফিসার পুলিশ সুপার জসীম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি জানায়, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন।
বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে। গ্রেফতার সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।









