সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ২ হাজার ১৬৯টি পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং বিভাগীয় প্রার্থিতা নিশ্চিত করাসহ চার দফা দাবি আদায়ে মানববন্ধন করেছেন সহকারী শিক্ষকরা (বর্তমান পদ নাম শিক্ষক)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষকরা।
এর আগে গত ৩১ আগস্ট সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ১৬৯টি প্রধান শিক্ষকের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
পিএসসির সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতি (শাহীন-লিপি) কেন্দ্রীয় কমিটির ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করা হয়। মানববন্ধন চলাকালে পিএসসির চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।
মানববন্ধন চলাকালে সমাবেশে সহকারী শিক্ষকদের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, কেন্দ্রীয় কমিটির নীতিনির্ধারণী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব খায়রুন নাহার লিপি।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত হয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচীকে স্বাগত জানিয়ে একাত্মতা প্রকাশ করেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ওয়ারেছ আলী, সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার, সহ-সভাপতি ফরিদ আহমেদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ আরও অন্যান্য সংগঠনের নেতারা অংশ নেন।
শিক্ষকদের দাবি
১) প্রধান শিক্ষক নিয়োগের বিতর্কিত বিজ্ঞপ্তি অবিলম্বে বাতিল করতে হবে।
২) সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় প্রার্থী হিসেবে প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিশ্চিত করতে হবে।
৩) আইন ও নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষকদের পদোন্নতির পথকে বাধাহীন রাখতে হবে।
৪) শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক যেকোনোও সিদ্ধান্ত গ্রহণকারীদের বিরুদ্ধ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।









