জুলাই আন্দোলন কেন্দ্রিক নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।
এ দিন পাভেলকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক সিয়াম আহমেদ। আসামিপক্ষের আইনজীবী এমারত হোসেন বাচ্চু ও এস এম শরিফুল ইসলাম জামিন আবেদন করেন। তবে মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে বিচারক তাকে কারাগারে পাঠান ও একইসঙ্গে মূল নথি সাপেক্ষে জামিন শুনানির আদেশ দেন।
বৃহস্পতিবার ঢাকার লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট নিউমার্কেট থানা এলাকার নিউমার্কেটের ২ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় আসামিরা। এতে মামলার ভিকটিম ও বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন কলেজের সাম্মী আক্তার, সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন। এ ঘটনায় গত বছরের ২৬ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা হয়।









