রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান দুই হামলাকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হলেন- বিল্লাল তালুকদার ও বাপ্পি।
শনিবার (৬ সেপ্টেম্বর) হাতিরঝিল ও কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সদরদফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মালিবাগে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারের ৩০-৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা, কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে ৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখসহ ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় দ্রুততার সাথে র্যাবের গোয়েন্দা তৎপরতা শুরু হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার মামলার এক নম্বর আসামি বিল্লাল তালুকদারকে হাতিরঝিলের আমবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়। একইদিন কেরানীগঞ্জের মডেল টাউন এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি বাপ্পিকে গ্রেফতার করা হয়।
আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব সদরদফতর।









