রাজধানীর ফার্মগেট ও মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫৮টি অবৈধ ওয়াকিটকি সেট, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এ সময় অবৈধ ওয়াকিটকি ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—অনলাইন পেইজ “BOAFANG HANDY”-এর মালিক আনিকুল ইসলাম নাঈম (৩৫) এবং তার সহযোগী সাব্বির আহমেদ (২৫)।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইনের মাধ্যমে চীন থেকে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি করে দেশে বিক্রি করে আসছিলেন। প্রতিটি সেট ৮০০ থেকে ১ হাজার টাকায় আমদানি করে তারা ২ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি করতেন। ব্যাটারির চার্জ ধারণক্ষমতা অনুযায়ী দাম নির্ধারণ হতো।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—ওয়াকিটকি সেট ৫৮টি, ২৯০টি ব্যাটারি, ৫৯৫টি চার্জার, ২৫০টি ক্লিপ, ২৫০টি ফিতা জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, ওয়াকিটকি বহনকারীদের সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করে। এ সুযোগকে কাজে লাগিয়ে অনেক অপরাধী ভুয়া ডিবি, র্যাব, এনএসআই বা ডিজিএফআই পরিচয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধ চালিয়ে আসছে। এতে একদিকে যেমন আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে প্রকৃত সদস্যদের কর্মকাণ্ডে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
গ্রেফতার আনিকুল ইসলাম নাঈম দীর্ঘ দুবছর ধরে এই অবৈধ ব্যবসা চালাচ্ছিলেন বলে র্যাব জানিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) এর সংশ্লিষ্ট ধারায় রাজধানীর শাহজাহানপুর ও শেরেবাংলা নগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার নাঈমকে শাহজাহানপুর থানা এবং সহযোগী সাব্বিরকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।









