রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ তেজগাঁও বিভাগ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সজীব গাজী (২৭), মো. রাজন (৩০), মো. সোহেল (৩০), মো. জসিম (২৪), মো. মামুন (২৪), মো. ইব্রাহিম (২৩) ও মো. রবিন (২০)। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নবীনগর হাউজিং এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে ডিবির একটি চৌকস টিম সেখানে অভিযান চালিয়ে সাত জনকে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ একত্রিত হওয়ার কথা স্বীকার করেছে। তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।









