ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রখ্যাত বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী শহিদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, আজই ঢাকার উদ্দেশে যাত্রা করছেন শহিদুল আলম। ফ্লাইটটি শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ফিলিস্তিনের গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌবহর থেকে আটক হয়েছিলেন শহিদুল আলমসহ জাহাজে থাকা সব অধিকারকর্মী। পরে তাদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়।
ইসরাইলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলম আটকের পর জর্ডান, মিসর ও তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে এবং তার মুক্তির জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।








