পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তার সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে।
দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, জব্দ হওয়া সম্পদের মধ্যে আবুল কালাম আজাদ এবং তার স্ত্রীর মিসেস নাসরিন নাহার শিলার নিজ নামের রমনার ‘এ্যাসোর্ট বেইলি নেস্ট’ ১৫ দশমিক ৬৬ কাঠার ওপর নির্মিত ১০ তলা ভবনে কার পার্কিংসহ একটি ফ্ল্যাট, ডেমরার মাতুয়াইলের ২১ শতাংশ জমি, শান্তিনগরের চামেলীবে জমিসহ একটি দোকান, আবুল কালামের নামে খুলনার সোনাডাঙ্গার বানিয়াখামারের দশমিক শূন্য ৭৩৭ একর জমিসহ বাড়ি ও দশমিক শূন্য ৫৩৩ একর জমি, ১০ শতক জমি, নারায়নগঞ্জের ফতুল্লায় ৬ শতাংশ জমি এবং ৬ শতাংশ জমির ওপর নির্মিত ১৩০ দশমিক ৪০ বর্গমিটার বিশিষ্ট ৬ তলা ইমারত ও ২৭ দশমিক ৮৮ বর্গমিটার চারতলা ইমারত।
দুদকের পক্ষে সংস্থার উপ-সহকারী পরিচালক মনজুরুল ইসলাম মিন্টু দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশে বলা হয়, আবুল কালাম আজাদ অসৎ উদ্দেশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৬ লাখ ৬৮ হাজার ৩১৯ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে গত ১ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়েছে। শেখ আবুল কালাম আজাদ দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
সম্পদ জব্দের আবেদনে বলা হয়, মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ভোগ দখলে রাখা এসব স্থাবর সম্পদ ক্রোক করা প্রয়োজন।









