জাহাজের নোঙরের আঘাতে বুড়িগঙ্গা নদীর তলদেশে গ্যাস পাইপলাইনে লিকেজের সৃষ্টি হয় বেশ কয়েক দিন আগে। এ কারণে রাজধানীর গাবতলী থেকে মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল। বুধবার (৭ জানুয়ারি) এই লিকেজের মেরামত কাজ শেষ করেছে তিতাস গ্যাস কোম্পানি। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাস সরবারহ।
তিতাসের অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ সাইদুল হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কয়েক দিন আগে জাহাজের নোঙের পড়ে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়। পানি থেকে বুদবুদ উঠতে দেখে স্থানীয়রা বিষয়টি জানান। এরপর কাজ শুরু করা হয়।
এই সময়ে গাবতলী থেকে আসাদ গেটের মধ্যবর্তী এলাকায় গ্যাসের সমস্যা দেখা দেয়। নিরাপত্তাজনিত কারণে মোহাম্মদপুরসহ কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কমিয়ে রাখা হয়েছিল। এতে গ্রাহকরা কিছুটা ভোগান্তিতে পড়েন। এখন মেরামত কাজ শেষ হয়েছে এবং গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সবকিছু স্বাভাবিক হতে দুই-এক দিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।
এর আগে তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফায়ার সার্ভিস, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমিনবাজার ডিআরএস থেকে উৎসারিত বুড়িগঙ্গা নদীর অভ্যন্তরে ঢাকামুখী ১২ ইঞ্চি × ৫০ পিএসআইজি লাইনের লিকেজস্থলে লিক রিপেয়ার ক্ল্যাম্প স্থাপন সম্পন্ন হয়েছে। বর্তমানে উক্ত লাইন থেকে ঢাকার নেটওয়ার্কে ২৫ পিএসআইজি চাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। বাহ্যিকভাবে কোনও গ্যাস লিকেজ এখন পরিলক্ষিত হচ্ছে না।









