যাত্রাবাড়ী থানার দীন ইসলাম বেপারী হত্যা মামলায় গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য ২২ জানুয়ারি দিন ধার্য করেন।
এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সাধারণ জনগণ আটক করে ভাটারা থানায় সোপর্দ করে। এসময় উত্তেজিত জনতার টানা-হেঁচড়া করায় আহত হন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে যাত্রাবাড়ী থানার মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক রাসেল সরদার তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে ছাত্র-জনতা শাহবাগের উদ্দেশে মিছিল বের করে। মিছিলটি যাত্রাবাড়ী থানাধীন এলাকায় পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের আগ্নেয়াস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এসময় ভিকটিম দীন ইসলামের শরীরের বিভিন্নস্থানে ছিটা গুলি লাগে ও তার শরীরের বিভিন্নস্থানে পাঁচ রাউন্ড গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গত বছরের ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের হয়।









