আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখতে সক্ষম হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত এবং সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের নিয়ে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি ছিলেন আইজিপি।
পুলিশ প্রধান বলেন, “বাংলাদেশ পুলিশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।”
এএসপি প্রবেশনারদের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, “আপনাদের জন্য এই মুহূর্তটি কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি আপনার ন্যায্য অবস্থানের পুনঃপ্রতিষ্ঠা। ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় আপনাদের দীর্ঘদিনের বঞ্চনার দ্বার খুলে দিয়েছে। আপনারা বৈধ অধিকার পুনরুদ্ধার করেছেন। আপনাদের প্রত্যেকেরই রয়েছে বিপুল অভিজ্ঞতা। সে অভিজ্ঞতাই আপনাদের শক্তি ও পেশাগত দিকনির্দেশক হিসেবে কাজ করবে।”
পুলিশ প্রধান বলেন, “আজ আমরা এক নতুন বিশ্বে দাঁড়িয়ে আছি। সাইবার জগতে অপরাধ বাড়ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গড়ে উঠছে। বর্তমান বাস্তবতায় কেবল শারীরিক শক্তি বা প্রথাগত পদ্ধতিতে পুলিশিং করলে হবে না। এখন প্রয়োজন বুদ্ধিমত্তা, বৈশ্বিক সচেতনতা ও প্রযুক্তিগত অভিযোজন সক্ষমতা। বাংলাদেশ পুলিশের ভবিষ্যত নেতৃত্ব হিসেবে আপনাদের সততা ও পেশাদারিত্ব ডিজিটাল পরিসরেও বিস্তৃত হতে হবে।”








