স্থানবদল নিয়ে বিতর্ক: ৩৯ বছরে প্রথমবার হাকিম চত্বরের বাইরে কবিতা উৎসব 

ঢাবি প্রতিনিধি 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭

দীর্ঘ ৩৯ বছরের ঐতিহ্যের ছেদ ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন হাকিম চত্বরের পরিবর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ৩৮তম জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘অনুমতি না মেলা’ এবং ডাকসু-সংশ্লিষ্ট ‘পরিবর্তনের’ অভিযোগ তুলেছেন আয়োজকরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের ‘পড়াশোনার পরিবেশ’ রক্ষার্থেই এই সিদ্ধান্ত। 

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। ‘সংস্কৃতিবিরোধী আস্ফালন রুখে দিবে কবিতা’ স্লোগান নিয়ে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান।

স্থানবদল নিয়ে বিতর্ক 

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বাংলা ট্রিবিউনকে জানান, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তিত পরিস্থিতিতে সন্ধ্যা ৬টার পর কোনও অনুষ্ঠান বা মাইক বাজাতে দিতে নারাজ। ৪০ বছর ধরে যে চত্বরে উৎসব হয়েছে, সেখানে এবার অনুমতি মেলেনি।” 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালির সংস্কৃতির প্রাণকেন্দ্র, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক একটা উৎসভূমি, যার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু একটা অন্যতম বড় ভূমিকা রাখে বলে জানান মোহন রায়হান। কিন্তু বর্তমানে ডাকসুতে পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, “এবার ডাকসুর যে পরিবর্তন হয়েছে, আমি মনে করি তারা হাজার বছরের বাংলার সংস্কৃতিতে বিশ্বাস করেনা। যে-কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাংস্কৃতিক পরিবেশ ছিল, সেটা আর আগের জায়গায় নেই।” 

মোহন রায়হান বাংলা ট্রিবিউনকে জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে গিয়েছিলেন অনুমতির জন্য। কিন্তু এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় আঙিনার মধ্যে করা যাবেনা বলে জানিয়ে দেন প্রক্টর। পরিবর্তে তারা আয়োজকদের শহীদ মিনারে অনুষ্ঠান করার পরামর্শ দেন। 

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এই অভিযোগ নাকচ করে দিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, “হাকিম চত্বরে অনুষ্ঠান করলে লাইব্রেরিতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে, বিশেষ করে মেয়েদের হলে। আমরা তাদের বিষয়টি বুঝিয়েছি এবং তারাও সম্মত হয়েছেন যে শহীদ মিনারের মর্যাদা এই প্রোগ্রামের জন্য বেশি মানানসই।” 

তবে এর মাঝেই গত কয়েক দিনে টিএসসিতে বেশ কিছু সংগীতানুষ্ঠান আয়োজিত হওয়ায় বৈষম্যের প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘শীত উৎসব’ উপলক্ষে আয়োজকরা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। এছাড়া গত শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ‘ছায়াছন্দ: সোনালী দিনের গান’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে। 

রঙিন মিছিল ও প্রতীকী প্রতিবাদ 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কবিরা একটি রঙিন মিছিল বের করেন। দেশজুড়ে বাউলদের আখড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সাম্প্রতিক সাম্প্রদায়িক আক্রমণের নিন্দা জানিয়ে কবিরা মুখে লাল কাপড় বেঁধে মিছিলে যোগ দেন। মিছিলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও লালন শাহের রক্তাক্ত ছবি এবং কবি নজরুলকে কারারুদ্ধ করার প্রতীকী চিত্র সম্বলিত প্ল্যাকার্ড বহন করা হয়।

উদ্বোধনী অধিবেশন 

উদ্বোধক মীর মুস্তাফিজুর রহমান বলেন, “কবিরা কবিতার মাধ্যমে মানুষের মনের কথা বলেন। আমাদের এমন এক মানবিক দেশ গড়তে হবে যেখানে আবু সাঈদ বা মুগ্ধর মতো আর কাউকে প্রাণ দিতে না হয়।”

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থান ছিল মূলত একটি সাংস্কৃতিক ঘটনা। আমরা একটি বহুত্ববাদী সাংস্কৃতিক পরিসর তৈরির চেষ্টা করছি যেখানে সব মত ও আদর্শের মানুষের অংশগ্রহণ থাকবে।”

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “জাতীয় কবিতা পরিষদ কোনও রাজনৈতিক শক্তি নয়, তবে সংকটে সোচ্চার হওয়া আমাদের ঐতিহ্য। আসন্ন নির্বাচনে আমরা অসাম্প্রদায়িক ও মুক্ত সমাজ গঠনের পক্ষে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানাই।” 

উৎসবের কর্মসূচি 

প্রথম দিনের কর্মসূচিতে চারটি পর্বে আমন্ত্রিত ও নিবন্ধিত কবিদের কবিতা পাঠ, আবৃত্তি এবং সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার উৎসবের দ্বিতীয় দিনে ‘৭১ থেকে ২৪: গণ-আন্দোলনে কবিতার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক মোহাম্মদ আজম ও কবি সাখাওয়াত টিপু অংশ নেবেন। সন্ধ্যায় আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে। 

/এসটি/ 
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি