তুরস্কভিত্তিক স্বাস্থ্যসেবার নকল ওয়েবসাইটে প্রতারণা, গ্রেফতার ৫   

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মার্চ ২০২৬, ১৭:৪০আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৭:৪০

তুরস্কভিত্তিক স্বাস্থ্যসেবা সহায়তাকারী তার্কিশডকের নকল ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

র‌্যাব বলছে, তার্কিশডকের সাবেক এক কর্মীর খোলা নকল ওয়েবসাইটের মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে গিয়ে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন শতাধিক বাংলাদেশি নাগরিক।  

র‌্যাব জানায়, নিরব নজরুল লিখন নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, তার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য চক্রের মাধ্যমে তুরস্কে গিয়ে প্রতারণার শিকার হন। পরে তিনি রাজধানীর শ্যামপুর থানায় মামলা করেন। লিখনের অভিযোগ তদন্ত করে র‌্যাব। এরপর মামলার আসামি নুরুজ্জামান রাজুসহ (৩৬) চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৪। গ্রেফতার অন্যরা হলেন— মোহাম্মদ তরিকুল (৩০), সালমান ফারসি (৩৫), বরগুনার মাসুম বিল্লাহ (৪৩) এবং ওয়ালিদ মিয়া (২৬)। 

র‌্যাব বলছে, ২০২৩ সালে ঢাকার গুলশানে অফিস নিয়ে ‘তার্কিশডক’ নামে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে। সেখানকার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন নুরুজ্জামান রাজু। কিন্তু প্রতিষ্ঠানটি ২০২৪ সালে তাদের কার্যক্রম বন্ধ করে দিলে রাজু একইস্থানে অফিস খুলে কার্যক্রম চালাতে থাকেন। আসল প্রতিষ্ঠানের হুবহু নকল ‘তার্কিশডকবিডি’ নামে ওয়েবসাইট খুলে শুরু করেন প্রতারণা। সেই থেকে রাজু চক্র বিপুল সংখ্যক রোগীকে কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে পাঠিয়ে জিম্মি করে অর্থ হাতিয়ে আসছিল।  

সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে নিরব নজরুল লিখন নামে ভুক্তভোগী তার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য রাজুর সঙ্গে ২৩ হাজার ডলারে চুক্তিবদ্ধ হন। সে অনুযায়ী মাকে নিয়ে তুরস্কে যাওয়ার পর ধাপে ধাপে তাদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিলেও কিডনি প্রতিস্থাপন না করেই দেশে পাঠিয়ে দেয়। মোটা অঙ্কের টাকা খুইয়েও মায়ের চিকিৎসা না পেয়ে ঢাকার শ্যামপুর থানায় একটি মামলা করেন লিখন। ওই মামলার তদন্তে নেমেই চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়।  

বৃহস্পতিবার (১২ মার্চ) মিরপুরে র‌্যাব-৪ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার কে এন রায় নিয়তি বলেন, “চক্রটি বিশ্বস্ততা অর্জনের জন্য তুরস্কের প্রতিষ্ঠান ‘তার্কিশডকের’ ওয়েবসাইট অবিকল নকল করে ‘তার্কিশডক বিডি’ নামে ওয়েবসাইট খুলে। তারা কিডনি প্রতিস্থাপন, আইভিএফসহ বিভিন্ন রোগীদের তুরস্কে পাঠিয়ে সেখানে জিম্মি করে মোটা অংকের অর্থ আদায় করছিল। চক্রের ফাঁদে তুরস্কে গিয়ে প্রতারণার শিকার হয়ে কয়েকজন দেশটির জেলে থাকার তথ্য পাওয়া গেছে।”  

তিনি বলেন, “এই প্রতিষ্ঠানে টাকা দিয়ে প্রতারিত হয়েছে এরকম আরও কিছু অভিযোগ আমরা পেয়েছি। পরবর্তী তদন্তে বিষয়গুলো সামনে আসবে।”  

এক প্রশ্নের জবাবে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, “এর আগে গ্রেফতার রাজু আরেকটি মাল্টিন্যাশনাল কোম্পানির মেডিক্যাল প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সেই সুবাদে বিভিন্ন ধরনের রোগীর সঙ্গে তার একটা যোগাযোগ ছিল। এই সুযোগটা কাজে লাগিয়ে জটিল রোগে আক্রান্তদের দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা করানোর নামে প্রতারণা করে আসছিল।” 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “প্রতারণা শুরুর পর গত তিন বছরে ভুয়া প্রতিষ্ঠান খুলে তিনি শতাধিক রোগীকে দেশটিতে পাঠিয়েছে। আমাদের সঙ্গে এখন পর্যন্ত প্রায় ১৫ জন যোগাযোগ করেছে। প্রতারণার অর্থ দিয়ে রাজু ঢাকা শহরে গাড়িবাড়ি করে ফেলছে।”  

এই চক্রের মাধ্যমে প্রতারণার শিকার ভুক্তভোগী নিরব নজরুল লিখন বলেন, “মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য ২৩ হাজার ডলারে চুক্তি করেছিলাম। চুক্তি অনুযায়ী প্রাথমিক একটা মোটা অঙ্কের টাকা দিয়েছিলাম। এরপর তুরস্কে যাওয়ার পর শুরু নানা ধরনের তালবাহানা।” 

তিনি বলেন, “কিডনি রোগীর প্রতিটা সময় মূল্যবান ও গুরুত্বপূর্ণ। মায়ের ডায়ালাইসিস যেখানে অনিবার্য সেখানে সেটি পাচ্ছিলাম না, টালবাহানা করে আরও টাকা দাবি করছিল।” 

লিখন অভিযোগ করে বলেন, “সেখানে প্রায় ৪০ হাজার ডলারের একটি কাগজে সই নেওয়া হয়, কয়েকধাপে প্রায় ৪৬ হাজার ডলার তার কাছ থেকে নেওয়া। পরে দেশে ফিরে টাকা ফেরত চাইলে মূলহোতা রাজু পাল্টা নানা ধরনের হুমকি দিতে থাকে। পরে বাধ্য হয়ে থানায় মামলা করি।” 

হাসান মাহমুদ নামে আরেক ভুক্তভোগী তার ভাইয়ের কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে নিয়ে গিয়েছিলেন। যার সঙ্গেও ২৩ হাজার ডলারে চুক্তি করে আদায় করা হয়েছিল ৮০ হাজার ডলার। পরে আরও ১০ হাজার ডলার চেয়ে নানা ধরনের হুমকির সম্মুখিন হন তিনি। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি