পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী এবং ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে ঈদ অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনে আয়োজিত পৃথক দু’টি অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে এ অনুদান হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে গত ১৫ মার্চ সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিএসসিসির মোট ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য জনপ্রতি ৪ হাজার টাকা হারে মোট ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এদিন প্রশাসক নগর ভবনে আনুষ্ঠানিকভাবে সেই অর্থ কর্মীদের হাতে তুলে দেন।
পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যেমন আপনাদের ঈদ উপহার দিয়েছেন, তেমনি আপনাদের দায়িত্ব ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উপহার দেওয়া।”
অন্যদিকে, পৃথক অনুষ্ঠানে ডিএসসিসির নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩ হাজার টাকা এবং ১ হাজার ৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা হারে মোট ৮৪ লাখ ১৫ হাজার টাকা ঈদ অনুদান হিসেবে দেওয়া হয়।
এ সময় ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশে প্রশাসক বলেন, “নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সচেতনতা গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে।”
তিনি পরিচ্ছন্ন নগর গঠনে জনসচেতনতা তৈরিতে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা ও পরামর্শও কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।








