রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পশ্চিম রামপুরার অনিকা তাহসিন (১২) ও গাবতলীর মো. জীবন (৪০)। ঘটনা দুইটি ঘটেছে সোমবার (২৩ মার্চ) রাতে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
পশ্চিম রামপুরা এলাকার দুর্ঘটনায় জানা গেছে, হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা ডিআইটি রোডের পলাশবাগ মোড়ে রাস্তা পার হচ্ছিলো ১২ বছর বয়সী অনিকা তাহসিন। এ সময় একটি প্রাইভেটকার ইউটার্ন নিতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত কিশোরীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
এদিকে, উত্তেজিত জনতা গাড়িটিকে আটক করে ভাঙচুর করেন। অনিকা তাহসিন পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার প্রত্যাশি গ্রামের মো. সিদ্দিকুর রহমান ও আছিয়া বেগমের মেয়ে। বর্তমানে পূর্ব রামপুরার ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
অন্যদিকে, গাবতলী এলাকার দুর্ঘটনায় জানা যায়, একই রাতে দারুসসালাম থানাধীন গাবতলী টার্মিনাল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন পথচারী মো. জীবন (৪০)। এ সময় দ্রুতগতির একটি মোটর সাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। প্রতিবেশী সাজু তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে ঢামেক হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. জীবন নীলফামারী সদর উপজেলার মো. আব্দুল গফুরের ছেলে। বর্তমানে মিরপুরের কাউন্দিয়া এলাকায় বসবাস করতেন এবং অসিম পরিবহনের বাসের চালক ছিলেন।









