কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে। অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে (৪১) গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে র্যাব।
বাহিনীটি জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিল না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যায়।
বুধবার (২৫ মার্চ) রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।
তিনি বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচংয়ের শংকুচাইল এলাকা থেকে হেলালকে গ্রেফতার করে র্যাব-১১। সে এ ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।
গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা সদরের পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাসে ট্রেনে ধাক্কার ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হন। এই ঘটনায় বাসের যাত্রী নিহত সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে আসামি করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কর্তব্যরত গেটম্যান রেলক্রসিংয়ের গেট বন্ধ না করায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সময় দুই গেটম্যান হেলাল ও মেহেদী হাসান কেউই ঘটনাস্থলে ছিল না। তাদের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, গ্রেফতার হেলালকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে মামলার অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলমান।









