রাজধানীর বঙ্গভবন সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি; তবে তার বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা পৌনে ১টার দিকে বঙ্গভবন রোডে একটি অজ্ঞাত দ্রুতগামী গাড়ি ওই যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে রাস্তার ওপর পড়ে ছটফট করছিলেন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এসআই মাইন উদ্দিন আরও জানান, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।









