রাজধানীর মুগদা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত এক হত্যা মামলায় জড়িত সন্দেহে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের সরকারি বাঙলা কলেজ শাখার সহ-সভাপতি আল-আমিন মজুমদারকে (২৯) গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে মুগদা থানাধীন বাশার টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুগদা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আল-আমিন মজুমদার ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন। সে ঘটনার দিন মুগদা থানাধীন সাথী ডিজিটাল স্টুডিওর সামনে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে অস্ত্রসহকারে উপস্থিত থেকে ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা করে ভিকটিম মিজানুর রহমানের হত্যাকাণ্ড ঘটিয়েছে।
গ্রেফতারকৃত আল-আমিন মজুমদার ছাত্রলীগের সরকারি বাঙলা কলেজ শাখার সহ-সভাপতি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
গ্রেফতার আল-আমিন মজুমদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।









