নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (২৮ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
সংসদে বাজেট আলোচনায় মূল বিষয় ছাড়িয়ে ‘ধান ভানতে শিবের গীত’
গত ১১ জুন ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নিয়ম অনুযায়ী বাজেট পাসের আগে এরবিভিন্ন দিক নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা মতামত তুলে ধরছেন। তবে অতীতের মতো এবারও অনেক সংসদ সদস্য বাজেটের মূল আলোচনার বাইরে নানা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছেন।
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এবং দল নিষিদ্ধ হওয়ার পরও অনড় অবস্থানে রয়েছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে নির্বাসিত জীবন থেকেই তিনি ঘোষণা দিয়েছেন, সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে চলতি বছরই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ই-মেইল সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।
প্রায় দুই বছর ধরে দেশের বাইরে থাকা সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কেবল একটি কাগুজে সংগঠন নয়, এটি একটি ‘শক্তি’। সংখ্যালঘুদের ওপর যেকোনও হামলা বাংলাদেশের স্বাধীনতার ওপর হামলা বলেও মন্তব্য করেন তিনি। গত ২৩ জুন দেশব্যাপী নিষেধাজ্ঞার মধ্যেই কড়া নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ার পর তার এই সাক্ষাৎকারটি প্রকাশিত হলো।
অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!
হলিউডের যেকোনো টানটান চিত্রনাট্যকেও হার মানাতে পারে ব্রিটিশ রাজপরিবারের ভেতরের নাটকীয়তা। রাজা চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল ২০২০ সালে রাজকীয় সমস্ত সুযোগ-সুবিধা ও দায়িত্ব ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।
আজ শুরু নকআউট, নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা
আজ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের শেষ ৩২ তথা নকআউট পর্ব। রবিবার রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে সহ-আয়োজক কানাডা ও দক্ষিণ আফ্রিকা। যাদের কেউই এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে খেলেনি। ফলে যে দল জিতবে, নতুন ইতিহাস লিখবে।









