রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বনানীতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সুমন মিয়া (৪৫) মারা গেছেন। অপরদিকে, আজিমপুরে রেললাইন পার হওয়ার সময় দুই ট্রেনের মাঝে পড়ে শাহনাজ (৫৫) নামে এক দিনমজুর নারীর মৃত্যু হয়েছে।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম জানান, মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ভোরে মহাখালীর ওয়্যারলেস গেট শিশু মেলা স্কুলের সামনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে আরিফসহ ৮-১০ জন সুমন ও তার স্বজনদের মারধর এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হয়।
এ ঘটনায় আহত হন সুমন, তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)।
অপরদিকে, সোমবার রাত ৮টার দিকে উত্তরা আজিমপুর রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় দুই ট্রেনের মাঝখানে পড়ে গুরুতর আহত হন শাহনাজ। পরে রেলওয়ে থানার পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢামেকে ভর্তি করে। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।
মৃত শাহনাজের ছেলে সুজন জানান, তার মা দিনমজুরের কাজ করতেন। উত্তরা আজিমপুর এলাকায় কাজ শেষে বাসায় ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দুই দিক থেকে আসা ট্রেনের মাঝখানে পড়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহনাজ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মৃত মিলন মিয়ার স্ত্রী। বর্তমানে টঙ্গী রেলগেট এলাকায় বসবাস করতেন।









