রিয়াদ-জেদ্দাগামী ফ্লাইট বাতিল, বিমানবন্দরে অনিশ্চয়তায় হাজারো যাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৬, ১৬:২৯ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৬:২৯

সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা বিমানবন্দরে হামলার ঘটনায় ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত সাতটি ফ্লাইট বাতিল করার খবর পাওয়া গেছে। এসব ফ্লাইটে ২ হাজার ৫৩২ জন যাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা ছিল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, সৌদিয়া, রিয়াদ এয়ার ও শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইট।

ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা সৌদি আরবে যেতে পারছেন না। একইভাবে সেখান থেকে দেশে ফেরার ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিমানবন্দরে আসা অনেক যাত্রী ফ্লাইট বাতিলের খবর পেয়ে বিপাকে পড়েছেন। কবে ফ্লাইট চালু হবে, টিকিটের তারিখ কীভাবে পরিবর্তন করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। সময়মতো কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি হারানোর আশঙ্কার পাশাপাশি নতুন করে যাতায়াত ও থাকা-খাওয়ার খরচ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন অনেকে।

বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বাইরে রিয়াদগামী যাত্রী আকবর হোসেন বলেন, ‘রিয়াদ যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম। আজ ফ্লাইট ছিল। কিন্তু সমস্যার কারণে যেতে পারলাম না। কী করব, তাই ভাবছি। সময়মতো যেতে না পারলে তো সমস্যা হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে আমাদের বিপদে পড়তে হবে।’

শাহজালালে অপেক্ষায় যাত্রীরা

ব্রাহ্মণবাড়িয়ার শরীফ উদ্দিনেরও সৌদি আরবের রিয়াদে যাওয়ার কথা ছিল। ইন্ডিগো এয়ারলাইনসের টিকিট কেটেছিলেন তিনি। মুম্বাই হয়ে রিয়াদে যাওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাঁর যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে এসে যাত্রীদের ফিরে যেতে হচ্ছে। বরিশাল থেকে আসা এক যাত্রী অভিযোগ করেন, ফ্লাইট বাতিলের বিষয়ে তাঁদের আগে থেকে কিছু জানানো হয়নি। থাকা-খাওয়া বা অন্য কোনো ব্যবস্থা সম্পর্কেও জানানো হয়নি। বিমানবন্দরে পোস্টার টাঙিয়ে ফ্লাইট বন্ধের কথা জানানো হয়েছে। ফ্লাইট চালু হলে টিকিট কার্যকর করা হবে বলে জানিয়ে পোস্টারে দেওয়া নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ওই যাত্রী বলেন, ‘আবার হয়তো ছুটি মঞ্জুর করাতে হবে। এরপর আমার কাজের কন্ট্রাক্টর জরুরি ফোন দিচ্ছে যাওয়ার জন্য। আমরা কীভাবে যাব? আমার বাড়ি বরিশালে, অনেক দূর। গাড়িতে যাতায়াতেও অনেক খরচ। এখানে বসে থাকলে তো অনেক সমস্যা। কবে, কখন ফ্লাইট ছাড়বে বা ছাড়বে না, আমরা কীভাবে জানব?’

নোয়াখালী থেকে আসা আরেক যাত্রী বলেন, ‘আমরা নোয়াখালী থেকে এখানে এসেছি। এতে অনেক টাকা লোকসান হচ্ছে। এখন আবার নোয়াখালীতে ফিরে যেতে হলে যাওয়া-আসায় প্রায় ছয় থেকে সাত হাজার টাকা খরচ হবে। এই টাকা দেবে কে?’

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে তাঁকে কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলে অবস্থিত বিমানের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ফ্লাইট চালু হলে যোগাযোগ করে টিকিটের ব্যবস্থা করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে নতুন টিকিটের জন্য টাকা লাগবে না বলেও জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে কবে ফ্লাইট চালু হবে, তা জানেন না তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, বাতিল হওয়া সাতটি ফ্লাইটে মোট ২ হাজার ৫৩২ জন যাত্রীর রিয়াদে যাওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের এ বিষয়ে অবহিত করছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী যাত্রার বিষয়ে নিশ্চিত হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

তিনি বলেন, ‘এটি একটি বৈশ্বিক সংকট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিসর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
বিমানের রিয়াদগামী আরও দুই ফ্লাইট স্থগিত
শাহজালালে এবার আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি
রিয়াদ বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল 
সর্বশেষ খবর
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
মুশফিক-শান্তর ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ
মুশফিক-শান্তর ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ
বিমানের রিয়াদগামী আরও দুই ফ্লাইট স্থগিত
বিমানের রিয়াদগামী আরও দুই ফ্লাইট স্থগিত
‌‘সন্ত্রাসী’ বগাকে ধরতে অভিযান: অবশেষে চট্টগ্রাম ছাড়তে হলো ওসিকে
‌‘সন্ত্রাসী’ বগাকে ধরতে অভিযান: অবশেষে চট্টগ্রাম ছাড়তে হলো ওসিকে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম